স্বাগতম ২০২৬: সম্ভাবনা ও অগ্রযাত্রার নতুন বছর

সময়ের অতল গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। আরেকটি নতুন বছরের অভিষেক হলো বিশ্ববাসীর সামনে। বর্ষপঞ্জির পাতা বদলালেও পেছনে রয়ে গেছে রক্ত, অশ্রু, প্রতিবাদ আর প্রত্যাশার স্মৃতি।

বিদায়ী বছর ২০২৫ সালের সব দুঃখ-বেদনা বেদনা ভুলে গিয়ে এবং নতুন আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর সঙ্গে নানান কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সারা পৃথিবী।

বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে। এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়।

প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী।

নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এরসঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।

বছরের একেবারে শেষ সময়ে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এই মৃত্যু আমাদের শেখায় সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা ও দেশের স্বার্থে আমাদেরকে অনুগামী হয়ে সহনশীল হতে হবে।

নতুন বছর ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- এটাই জাতির দেড় যুগের প্রত্যাশা।

মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা সামাজিক ন্যায়বিচার, রাষ্ট্রীয় নিরাপত্তা, দায়িত্বশীল ও গঠনমূলক রাজনৈতিক চর্চা, আগামী দিনে টেকসই গণতন্ত্রের যাত্রাপথকে সুগম করবে। এমন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের স্বপ্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *