পবিত্র ঈদ মানেই আনন্দ, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ ও ইবাদতের পর মুসলিম উম্মাহর জীবনে আসে এই আনন্দের দিন—ঈদ। এই উৎসব শুধু আনন্দেরই নয়, বরং এটি আমাদের শিক্ষা দেয় মানবতা, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার।
রমজান মাসে আমরা যে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহভীতি অর্জন করি, ঈদ সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়নের এক নতুন প্রেরণা যোগায়। সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেদিকে আমাদের সবারই দৃষ্টি রাখা উচিত। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত সার্থকতা।
বর্তমান সময়ে বিশ্বজুড়ে নানা সংকট, অস্থিরতা ও বিভাজনের মাঝে ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই সর্বত্র।
এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদেরকে সৎপথে চলার তাওফিক দান করুন।
মোহাম্মাদ নুরুজ্জামান
প্রকাশক ও সম্পাদক।




