পবিত্র ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মসমর্পণ ও মানবতার এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শকে ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতি বছর পালন করে এই পবিত্র দিনটি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের প্রিয় জিনিস ত্যাগ করার যে শিক্ষা ঈদুল আজহা আমাদের দেয়, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজকের এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনই নয়, বরং সমাজে সহমর্মিতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার বার্তাও ছড়িয়ে পড়ে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে দিকেও আমাদের সচেতন থাকতে হবে। প্রকৃত ঈদের সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে।
বর্তমান সময়ে বিভেদ, হিংসা ও স্বার্থপরতার যে প্রবণতা সমাজে দৃশ্যমান, ঈদুল আজহার শিক্ষা হতে পারে তা থেকে উত্তরণের পথ। ত্যাগের চেতনা আমাদের লোভ, অহংকার ও হানাহানি থেকে দূরে থাকার শিক্ষা দেয়। আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ঈদুল আজহার তাৎপর্য অপরিসীম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রত্যাশা করি—দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হোক। সকলের জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ।
লাইট অফ টাইমসের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।




